প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 2, 2026 ইং
মুন্সীগঞ্জে গভীর রাতে ঘরে ঢুকে প্রবাসীর বুকে গুলি চালালেন আরেক প্রবাসী

মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দিতে ব্যবসায়ীক পূর্ব বিরোধের জেরে রফিকুল ইসলাম নামে এক প্রবাসীর ঘরে ঢুকে গুলি ও মারধরের ঘটনা ঘটেছে। এতে ওই প্রবাসী গুলিবিদ্ধ ও তার ছেলেকে কুপিয়ে জখম করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় মূল অভিযুক্ত আরেক সৌদিপ্রবাসী মো. রাকিবকে (৩৮) অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের রাজারচর এলাকায় গুলির ঘটনা ঘটে। পরে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) কামরান হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সৌদি আরবে দুই প্রবাসীর দ্বন্দ্ব থেকে এ ঘটনা ঘটেছে। এর সঙ্গে জড়িত অন্যদেরও অভিযান চালিয়ে আটকের চেষ্টা চলছে।
জানা গেছে, গুলিবিদ্ধ সৌদিপ্রবাসী রফিকুল ইসলামকে (৩৫) রাতে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। অপর আহত রফিকুল ইসলামের ছেলে দিহান ইসলামকে (১২) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আটককৃত সৌদিপ্রবাসী রাকিব একই এলাকার খালেক বেপারীর ছেলে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস জানান, রাত ৩টার দিকে হাত-পা ও বুকে গুলিবিদ্ধ অবস্থায় রফিকুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। একইসঙ্গে ১২ বছরের আরেক ছেলের শরীরের বিভিন্ন অংশে জখম থাকায় তাকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
গুলিবিদ্ধ রফিকুলের স্ত্রী সঙ্গিতা বেগম বলেন, ‘রাতে আমরা ঘরে ঘুমিয়ে ছিলাম। এমন সময় বাইরে থেকে দরজা ভেঙে দু’জন ঘরে ঢুকে পড়েন। বাইরে পাহাড়ায় আরও দুইজন ছিলেন। ঘরে ঢুকেই তারা আমার স্বামীকে লক্ষ্য করে গুলি করতে থাকেন। আমার স্বামীর বুকসহ একাধিক জায়গায় গুলি লাগে। তাদের উদ্দেশ্য ছিলো মেরে ফেলা। আমার স্বামী তাদের নাম জানে, তবে অপারেশন থিয়েটারে থাকায় এখন বলতে পারতেছে না। আমার ছোট ছেলেকেও ওরা রেহাই দেয়নি। চাপাতি দিয়ে কুপিয়েছে পায়ে।’
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV